এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত ও আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রেনে থাকা লোকো মাস্টার এবং সহকারী লোকো মাস্টার আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশীর বিভাগীয় ট্রাফিক অফিসার (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশাীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মিজানুর রহমান বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পাকশী থেকে রিলিফ ট্রেন উল্লাপাড়ায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশীর বিভাগীয় ট্রাফিক অফিসার আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৩ কর্মদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। এ দুর্ঘটনার পেছনে লাইনম্যানের কোনো গাফলাতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।
এর আগে ট্রেন দূর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া সহকারী স্টেশন মাষ্টার রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে সকাল ১০টা ১৫ মিনিটে রংপুরগামী (৭৭১) রংপুর এক্সপ্রেস ছেড়ে আসে। দুপুর আড়াইটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌছার আগেই ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চারটি বগি লাইন চ্যুত হয়ে ইঞ্জিনকে ধাক্কা দেয়। এসময় ইঞ্জিনসহ ৪টি বগিতে আগুন ধরে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ও উলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালাচ্ছে।