জীবননগর প্রতিনিধি:ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সম্পাদকের বিরুদ্ধে মাদকাসক্ত ও বিধবা কার্ড দেয়ার নামে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মাদকাসক্ত ও বিধবা কার্ড দেয়ার নামে এক অসহায় মহিলার নিকট থেকে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিএনপি থেকে অনুপ্রবেশকারী একজন মাদকাসক্ত ব্যাক্তিকে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়ার ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের চরম ক্ষোভ আর চাপা উত্তেজনা বিরাজ করছে। নেতাকর্মীরা মাদকাসক্ত ব্যাক্তির পদ থেকে অব্যাহতি দিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক বরারব লিখিত আবেদন করা হয়েছে।
লিখিত অভিযোগে দাবি করা হয়েছে,জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সদ্য ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক পদে বাঁকা নওদাপাড়ার মৃত করিম মন্ডলের ছেলে রুস্তম আলীকে মনোনীত করা হয়। রুস্তম আলীর বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের অভিযোগ তিনি মাদকাসক্ত এবং বিএনপি থেকে অনুপ্রবেশকারী। নেতাকর্মীদের দাবী তাদের মতামতের প্রতি গুরুত্ব না দিয়ে একজন অসামাজিক অন্য দল থেকে আগত ব্যাক্তিকে পদায়ন করা হয়েছে। এ ধরণের ব্যাক্তির কারণে দলের সুনাম নষ্ট হবে এবং দলে দীর্ঘদিনের নিবেদিতরা দলীয় কর্মকান্ডে আগ্রহ হারিয়ে ফেলবে।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীর অভিযোগ রুস্তম আলী সাধারণ সম্পাদকের পদ পাওয়ার পর পরই নিজে লাভবান হওয়ার জন্য ইতিমধ্যেই বাঁকা নওদাপাড়ার মৃত আব্দুর রশিদের স্ত্রী বিধবা লালবানুকে একটি বিধবা কার্ড করে দেয়ার নামে তার নিকট থেকে আড়াই হাজার টাকা নিয়েছেন। কিন্তু টাকা নেয়ার পরও আজ অবধি ওই বিধবা নারীর এখনও পর্যন্ত কার্ডের কোন ব্যবস্থা করা হয়নি। এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে দ্বিধা বিভক্তি ও চাপা ক্ষোভ কাজ করছে। তাদের দাবী যে নেতা পদ পাওয়ার সাথে সাথে দুর্নীতি সাথে জড়িয়ে পড়েছে,তার মত নেতা দিয়ে দল ও এলাকার কোন উন্নয়ন কর্মকান্ড সম্ভব নয়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতা আলতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা কোন অনুপ্রবেশকারী ও মাদকাসক্ত এবং দুর্নীতিবাজ নেতা হিসাবে মেনে নিতে পারি না। আমরা তার দ্রুত অপসারণ দাবী করছি।
উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাকদ ও বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান বলেন,ঘটনার ব্যাপারটি আমাকে কেউ কিছু বলেনি। উপজেলা আওয়ামীলীগের নিকট লিখিত অভিযোগ দিলে তারা অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
তবে রুস্তম আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,আমি ষড়যন্ত্রের শিকার। দলের একটি পক্ষ আমাকে মেনে নিতে না পেরে আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ঘোলা পানিতে মাছ শিকার করার পাঁয়তারা করছেন।