জার্মান-বাংলা ডেস্ক:বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ সকালে নবগঠিত কমিশনের প্রথম কমিশন সভার শুরুতে বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার আবরারের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ। সভায় নিহত আবরারের বাবা-মা- ভাই এবং স্বজনদের প্রতি কমিশনের সকলে সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন এবং উক্ত ঘটনায় কমিশনের করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন মাননীয় চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি। সভায় উপস্থিত ছিলেন সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ; অবৈতনিক সদস্য তৌফিকা করিম, মিজানুর রহমান খান, জেসমিন আরা বেগম, ড. নমিতা হালদার এনডিসি। রাঙ্গামাটি থেকে অবৈতনিক সদস্য চিংকিউ রোয়াজা অডিও কনফারেন্স এর মাধ্যমে সভায় যোগ দেন।
মাননীয় চেয়ারম্যান মেধাবী ছাত্র আবরারের মৃত্যুকে দেশ, জাতি ও তাঁর পরিবারের জন্য এক বিরাট ক্ষতি বলে উল্লেখ করেন। তিনি বলেন, “কমিশনের সদস্যগণ সকলেই ঘাতকদের দ্বারা আবরারের নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। আবরার হত্যার শুরু থেকেই কমিশন সরকারের গৃহীত পদক্ষেপ পর্যবেক্ষণ করে আসছে। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও বিচার নিশ্চিত করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় বক্তব্যকে কমিশন স্বাগত জানায়। আর যাতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ লক্ষ্যে আবরারের হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের নিকট সুপারিশ প্রেরণ করার বিষয়ে সকলেই একমত পোষণ করেন এবং এই মামলার অগ্রগতি পর্যালোচনার জন্য কমিশনের দুইজন সদস্যকে দায়িত্ব প্রদান করা হয়”।