হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কালিয়াকৈর উপজেলার কাথাচুড়া গ্রামের বনের জমি জবর দখল করে নিচ্ছে ইব্রাহিম বাহিনী । দখলীয় জমিতে গড়ে তুলছে পাকা ঘরবাড়ি । ইব্রাহিম সিকদার স্থানীয় ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ।
বনখেকো খ্যাত ইব্রাহিম সিকদার এলাকার একজন মস্তান, দুর্ধর্য প্রকৃতির লোক । জানালেন ওই গ্রামসহ পার্শ্ববতী পিরুজালী , সিরাজপুর গ্রামের লোকজন । বনায়নের গাছপালা কেটে ফেলে বিরান করা হচ্ছে জমি। ভুমিদস্যু ও বনভুমিখেকো ইব্রাহিম ইতিমধ্যে তার সহযোগী আমির, রশিদ, সাইদ, ইউসুফ, আরিফসহ অর্ধশত মস্তান নিয়ে গড়ে তুলেছে বিশাল সন্ত্রাসী বাহিনী । এ বাহিনীই বনের জমি গ্রাসে রয়েছে তৎপর । ওই গ্রামে বনের জমির মাটি কেটে নিয়ে বিক্রি করছে অন্যত্র । ইব্রাহিমের বিরুদ্ধে থানায় একাধিক মামলাসহ ৮টি বন মামলা রয়েছে ।
সরেজমিন কালিয়াকৈর উপজেলার কাথাচুড়া, সিরাজপুর, রামচন্দ্রপুর গ্রাম ঘুরে দেখা যায় বনের বিশালাকার শাল গাছ আর চোখে পড়ছে না । গাছকেটে তা পাচার করে দিচ্ছে পার্শবর্তী পিরুজালী গ্রামের হুমায়ুন মেম্বার ও জয়নাল মিয়ার করাত কলে ।
খালিসাজানি বিট অফিসার রফিকুল ইসলাম জানান, বনভুমি জবর দখলকারীরা সংঘবদ্ধ চক্র , দুর্ধর্য প্রকৃতির লোক । বনের জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে ।
এদিকে ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম হামলার ঘটনাটি অবহিত হয়েছেন বলে জানান । তিনি আরো বলেন , ওই এলাকার অধিকাংশ লোকই বনের জমিতে বসবাস করছে।