হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিমের উপর হামলা চালিয়েছে মঙ্গলবার। গুরুতর আহত প্রধান শিক্ষক কে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় স্কুল থেকে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় পুরাতন বাসট্যান্ড বরুন রোডে এ ঘটনা ঘটে ।
প্রধান শিক্ষকের ভগ্নিপতি আবুল হোসেন জানান, পাবুর গ্রামের আনিছুর রহমান আরিফের সহযোগী বাদল, মকুল ও নজরুল সহ একদল দূর্বৃত্ত লোকমান হেকিমের উপর হামলা করে।
কাপাসিয়া পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিমের উপর হামলার নিন্দা জানান ।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিমের উপর হামলা করে তাঁর ২টি দাঁত ভেঙ্গে ফেলে। এব্যাপারে লোকমান হেকিম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ কাপাসিয়া বাজারে পরপরই এ হামলার প্রতিবাদে সভা করে । সভায় ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের আটকের আল্টিমেটাম দেয়া হয় । জানানো হয় তীব্র নিন্দা ।
কাপাসিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জাকির হোসেন সভায় নিন্দা জানিয়ে বলেন , কাপাসিয়ায় সন্ত্রাসীদের স্থান নেই। সন্ত্রাসীদের ক্ষমা নেই ।