এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোড় নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে দুই পুলিশসহ ৬ গ্রামবাসী আহত হয়েছে। শুক্রবার দুপুরে সলঙ্গা থানার আলোকদিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্বজনেরা। আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, রফিকুল ইসলাম (৩২), সাখাওয়াত (৪০), ফনি (২৫), ইউনুস আলী (১৮), শান্তি খাতুন (৩৫) ও আব্দুল মালেক (৩২)।
স্থানীয়রা জানান, ইজারাকৃত ফুলজোড় নদীতে বালুমহালের নির্দিষ্ট স্থান ছেড়ে ড্রেজার দিয়ে মালিকানা জমির মাটি কাটা হচ্ছিল। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত দরখাস্ত দেওয়া হয়। এরপরও শুক্রবার সকাল থেকে মহাল ছেড়ে মালিকানা জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। পরে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের ধাওয়া দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ছুড়লে ৬ জন গ্রামবাসী আহত হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম তাজুল হুদা জানান, বালুমহাল নিয়ে ৫/৭ দিন ধরে উত্তেজনা চলছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বৃহস্পতিবার থেকে পুলিশ নৌকা নিয়ে ওই এলাকায় টহল শুরু করে। আজ দুপুরে হঠাৎ করেই টহল পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে উত্তেজিত গ্রামবাসী। আত্মরক্ষার্থে বাধ্য হয়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। তিনি আরও বলেন, ইট-পাটকেলের ঢিলে দু’জন পুলিশ সদস্য আহত হয়েছে।