জার্মান-বাংলা ডেস্ক:‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ কর্মসূচির ৩য় পর্ব ২২ আগস্ট ২০১৯ বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে। এই পর্বে বঙ্গন্ধুর রাজনৈতিক দর্শন নিয়ে বক্তৃতা প্রদান করেছেন প্রফেসর অ্যামিরিটাস ড. আনিসুজ্জামান এবং বঙ্গবন্ধু হত্যা পরবর্তী বাংলাদেশ বাস্তবতা বিষয়ক বক্তৃতা প্রদান করেছন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। একাডেমির শিশু নৃত্যদল ‘দুঃখিনী বাংলা জননী বাংলা’ গানের সাথে নৃত্য পরিবেশন করে । শিশু সংগীত দলের পরিবেশনা ‘ধন্য মুজিব ধন্য’ ও ‘শোন একটি মুজিবরের থেকে’ গানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন একাডেমির কালচারাল অফিসার সৌম্য সালেক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর দেশের বরেণ্য লেখক ও গবেষকগণের মূল্যবান বক্তব্য নিয়ে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ অনুষ্ঠান নিয়মিত আয়োজন করছে। নিয়মিত এ অনুষ্ঠানের মাধ্যমে ১০০টি স্মারক বক্তৃতার আয়োজন করা হবে।
গত ৭ আগস্ট ২০১৯ ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে স্মারক বক্তৃতা উপস্থাপন করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম।