জার্মান-বাংলা ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম বলেছেন, ‘জ্বর আসলেই মানুষ মনে করে ডেঙ্গুজ্বর হয়েছে। বিষয়টা আসলে তা নয়। ডেঙ্গু এটা গুজব, আপনারা গুজবে কান দিবেন না।’
গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বক্তব্যে এমন কথা বলেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রয়েছে জানিয়ে মমতাজ বলেন, ‘ডেঙ্গুজ্বর যদি হয়ে থাকে আপনারা হাসপাতালে এসে চিকিৎসা নিবেন। এ ছাড়া ডেঙ্গু মোকাবিলা করার জন্য ডাক্তারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গু আক্রমণ থেকে রেহাই পাওয়া যায়।’
‘ছেলেধরা’ প্রসঙ্গেও কথা বলেন তিনি। কণ্ঠশিল্পী থেকে আওয়ামী লীগ নেত্রী বনে যাওয়া মমতাজ বলেন, ‘পদ্মা সেতুর জন্য মাথা লাগবে। এ গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একশ্রেণির লোকজন। এসব গুজবে কেউ কান দিবেন না।’
অনুষ্ঠান শেষে হাসপাতালের আশেপাশে পরিষ্কার-পরিছন্নতায় অংশ নেন তিনি।