আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:ভারতে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৫ লাখ টাকা মূল্যের এক কেজি ওজনের একটি স্বর্ণের বার সহ কামাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।এসময় একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
আটক কামাল হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে। তিনি একজন ইজিবাইক চালক।
যশোর ৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল দৌলতপুর সড়কের গাতিপাড়া নামক চেকপোস্ট থেকে ইজিবাইক চালক কামালকে আটক করা হয়। পরে তার ইজিবাইকের ক্যাশবক্সের মধ্যে পুরাতন কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় রাখা এক কেজি ওজনের স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।তিনি এই স্বর্ণ বেনাপোল বাজার থেকে দৌলতপুর সীমান্তে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত স্বর্ণ ও ইজিবাইকের মূল্য ৪৫ লাখ ২০ হাজার টাকা বলে তিনি জানান। তবে স্বর্ণের প্রকৃত মালিক কে, সেটা জানা যায়নি।আটক কামালকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।