আরিফুজ্জামান আরিফ,শার্শা(যশোর)প্রতিনিধি:বেনাপোল বন্দরে অবৈধভাবে আমদানিকৃত ২০০ কেজি ভায়াগ্রা পাউডারের একটি চালান আটক করেছে বেনাপোল কাস্টমস সদস্যরা।বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী আটকের বিষয়টি জানান।
কাস্টমস সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র অবাধে ভারত থেকে আমদানি যোগ্য পণ্যের আড়ালে অপঘোষনার মাধ্যমে ভায়াগ্রা নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস সদস্যরা ওই আমদানিকারকে নজরদারিতে রাখে। পরে ওই আমদানি কারক ফ্লেভার ঘোষণায় একটি পণ্য চালান আমদানি করে ছাড় নেওয়ার সময় চালানটি জব্দ করা হয়। আড়াই মাস পর দায়িত্বশীল বিভিন্ন দফতরে পণ্যের নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় আমদানিকৃত ২০০ কেজি পাউডারটি ভায়াগ্রা।
অভিযুক্ত আমদানিকারক প্রতিষ্ঠানটি হলো, ঢাকার কলাবাগানের ক্রিসেন্ট রোডের ১৫৩/৩ কাঁঠালবাগান এলাকার রেড গ্রীন ইন্টারন্যাশনাল। আর অবৈধ আমদানিতে সহযোগী ছিলো সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান বেনাপোলের আহাদ এন্টারপ্রাইজ।
ইতোমধ্যে এ অপরাধের জন্য বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট আহাদ এন্টার প্রাইজের লাইসেন্স বাতিল করা হয়েছে ও ৭ সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে।
জালিয়াতি ও অবৈধ পণ্য সুকৌশলে আমদানি অভিযোগে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদনের পর দোষীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়া হবে।