আবু সাইদ,রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:রৌমারীতে অসুস্থ গরু জবাই করে পঁচা মাংস বিক্রয়ের অপরাধে আমিনুল ইসলাম ( ৩৫) ও আব্দুল হামিদ (৩৮) ভ্রাম্যমান আদালতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন ২০১১ আইনে ২৪ ধারায় ১৫দিনের জেল দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বীপঙ্কর রায়। একই সাথে ছায়দার হোসেন (৩৯) ও নুরুল আমিন (৪৫) নামের অপর ২জনকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯জুলাই (মঙ্গলবার) সন্ধার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আমিনুল ও ছায়দার উপজেলার শৌলমারী ইউনিয়নের পুরারচর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে, আব্দুল হামিদ একই ইউনিয়নের বড়াইকান্দি গ্রামের নুর আলীর ছেলে ও নুরুল আমিন পুরারচর গ্রামের রজব আলীর ছেলে।
এলাকাবাসি জানান, শৌলমারী ইউনিয়নের বাঘেরহাট নওদাপাড়া গ্রামের খবির হোসেনের একটি গরু অসুস্থ হলে জবাই করেন তিনি। পরে ওই গরুর মাংস একই গ্রামের আব্দুল হামিদের সহায়তায় কসাই আমিনুলকে ডেকে নিয়ে প্রতি কেজি ৩’শ টাকা হিসেবে তার কাছে বিক্রি করে দেয়। পরে ওই পঁচা মাংসগুলো বড়াইকান্দি বাজারে বিক্রয় করে আমিনুল। এই সময় সাধারন মানুষ মাংস কিনতে গিয়ে দূগন্ধযুক্ত পঁচা মাংস দেখতে পান। এলাকাবাসি রৌমারী থানা পুলিশকে জানান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কসাই ও তার সহযোগিসহ ৪জনকে আটক করে রৌমারী থানায় নিয়ে আসেন। পরে ভ্রাম্যমান আদালতে ২জনের জেল ও অপর ২জনের জরিমানা করা হয়।