রইসুল আলম রবিন,খুলনা প্রতিনিধিঃ নগরীর ফেরিঘাট আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধ কমিটিকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে ডাকযোগে কমিটির নেতাদের নিজ নিজ নামে এ চিঠি পাঠানো হয়। চিঠি হাতে পাওয়ার পর কমিটির নেতারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
কমিটির যুগ্ম আহবায়ক মোল্যা ফারুকুল ইসলাম জানান, ফেরিঘাট এলাকাকে মাদকমুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছিলেন। ইতোমধ্যে তারা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতাদের বিতাড়িত করতে সক্ষম হয়েছেন। কিন্তু এসব মাদক বিক্রেতারা বিভিন্ন সময় নানা কৌশলে আবারো আলোচিত টিনা বস্তিতে ফিরে আসতে চেষ্টা অব্যাহত রেখেছে। তারা কমিটির আন্দোলন ঠেকাতে নানা ধরনের কৌশল অবলম্বন করে আসছে। কিন্তু কোনো কলাকৌশলে কমিটির আন্দোলন থামছে না। সর্বশেষ মাদক বিক্রেতারা কমিটির নেতাদের হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি দিয়েছে। চিঠিতে তারা কমিটির নেতা ফারুখ মোল্যা, রাজা হোটেলওয়ালা, রশিদ, মাসুম, সাহিদ, মোঃ অলি, লালু, সাকিলের নাম উল্লেখ করেছে। এদেরকে মাদক বিক্রেতারা হত্যা করবে বলে পরিকল্পনা করেছে বলে চিঠিতে উল্লেখ করেছে।
গত ১৩ মে মাদক বিক্রেতারা এ ব্যাপারে বৈঠক করেছে। ওই বৈঠকে কমিটির নেতাদের শায়েস্তা করার পরিকল্পনা গ্রহণ করা হয়। খায়রুন নামের এক মহিলা এসব চিঠি সাক্ষর করে পাঠিয়েছে কমিটির নেতাদের নিকট। আরেক নেতা এম এ রশিদও একই চিঠি পেয়েছে বলে স্বীকার করেছেন। বিষয়টি তারা থানা পুলিশকে অবগত করবেন বলে জানান।