খুলনা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানে বাজার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে মেয়রের নির্দেশক্রমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকালও নগরীতে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় নানা অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নগরীর খালিশপুরস্থ ডিআইডিসি রোডে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, সংরক্ষণ এবং খোলা আকাশের নিচে ধূলাবালি যুক্ত পরিবেশে সেমাই শুকানোর অপরাধে ইস্টার্ন ফ্লাওয়ার মিলের মালিককে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ৩০ হাজার টাকা, ৫১ ধারায় মেসার্স সোনালী ফ্লাওয়ার মিলের মালিককে (মিল্লাত সেমাই) ২০ হাজার টাকা, হাসেম ফুডের মালিককে (সেলিনা সেমাই) ১০ হাজার টাকা এবং ছোট বয়রা পূজাখোলা মোড়স্থ বিনিময় বিপণির মালিককে মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিংস ও জুস বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানকালে বয়রা কাঁচাবাজার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যমূল্য তালিকা প্রদর্শন, খাদ্যদ্রব্য সংরক্ষণের স্থান ও বাজার দর পর্যবেক্ষণ করা হয়।
কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অংশগ্রহণ করেন কেসিসির ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম, খাদ্য পরিদর্শক শেখ মেহেদী হাসান বুলবুল, স্যানিটারি ইন্সপেক্টর নবজিৎ বাইন, ভারপ্রাপ্ত প্রিমিসেস লাইসেন্স পরিদর্শক স.ম আকমল হোসেন, মোল্লা জিল্লুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্যরা। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং কেসিসির নিরাপত্তা কর্মীরা সার্বিক সহযোগিতা করেন। পবিত্র মাহে রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধকল্পে কেসিসির এ অভিযান অব্যাহত থাকবে।