শামীম খাঁন, মহেশপুর প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউপির লক্ষীপুর গ্রামে ২০১০ ইং সালে এক শিশু ধর্ষনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তারিকুল ইসলাম নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড সহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ঝিনাইদহ ট্রাইব্যুনাল জজ আদালত। দন্ডিত তারিকুল ঝিনাইদহের মহেশপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মোঃ মান্নানের ছেলে।
৯ মে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাদঁ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী প্রকাশ্য আদালতে এ রায় ঘোষনা করেন।
আদালতের একটি সুত্রে জানা গেছে ২০১০ ইং সালের ৩০ জুলাই দুপুরে মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে একটি বাড়ির পাশে বাঁশ বাগানের মধ্যে একই গ্রামের ৭ বছর বয়সের এক শিশুকে ফুসলিয়ে তরিকুল ইসলাম তাকে ধর্ষন করে। পরের দিন ধর্ষিত শিশুর পিতা আব্দুল মান্নান বাদী হয়ে মহেশপুর থানায় মামলা দায়ের করেন। চলমান মামলাটি দীর্ঘদিন পর গত ৯ মে বৃহস্পতিবার ঝিনাইদহ জজ আদালত ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এই রায় ঘোষনা করেন।