হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় শারমিন নামে এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে অপর কলেজ ছাত্র মোস্তাকিন রহমান রাজু।
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাজার এলাকায় প্রকাশ্যে শারমিন আক্তার লিজা (১৬) নামের ওই ছাত্রীকে আজ দুপুর আড়াইটার দিকে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় লিংকন কলেজের পাশে খুন করে ।
এ ঘটনায় মোস্তাকিন রহমান রাজু (১৭) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। আটক মোস্তাকিন কোনাবাড়ী লিংকন মেমোরিয়াল কলেজের ছাত্র। সে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন সালনা এলাকার আবুল কাশেমের ছেলে। তারা কোনাবাড়ী আমবাগ এলাকায় বাসা ভাড়া থাকতো বলে জানা গেছে।
নিহত শারমিন আক্তার লিজা গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার শফিকুল ইসলাম শাফির মেয়ে। সে কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সকালে পরীক্ষা দিতে কলেজে যায় শারমিন। পরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে বাসায় ফেরার পথে কোনাবাড়ী কাঁচা বাজার এলাকায় লিংকন কলেজের পাশে পৌছালে মুস্তাকিন তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখান করায় শারমিনকে ছুরিকাঘাত করে মুস্তাকিন। পরে গুরুতর অবস্থায় শারমিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শারমিনকে মৃত. ঘোষণা করে। ওই সময় স্থানীয়রা মোস্তাকিনকে আটক করে পুলিশে দেয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন জানান, এ ঘটনায় মোস্তাকিন রহমান রাজুকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।