জার্মান-বাংলা ডেস্ক: নুসরাতের বাবা-মাকে সমবেদনা জানানোর পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয় জানিয়েছেন শেখ হাসিনা।
নুসরাতের বাবা এ কে এম মুসা, মা শিরিনা আক্তার ও তার দুই ভাই সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “দুষ্কৃতকারীরা কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করে নুসরাত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে,” জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন নুসরাত। গত ২৬ মার্চ নুসরাতের মা শিরীনা আক্তার মামলা করার পরদিন সিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই মামলা প্রত্যাহার না করায় তাকে হত্যার ছক আটা হয়। ৬ এপ্রিল আলিম পরীক্ষার হল থেকে ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায় । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়া তা সম্ভব ছিলো না। ঢাকা মেডিকেলেই চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে মারা যান নুসরাত।
নুসরাতের নির্মম হত্যার পর থেকে ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভশুরু হয়।সোমবারেও ঝিনেদা মাগুরা ঢাকাসহ তার নিজ জেলায় ও স্বতঃস্ফুর্ত বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সাক্ষাৎকালে নুসরাতের পরিবারকে প্রধানমন্ত্রী সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।
সাক্ষাতের সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন।
নুসরাতের ভাইর হাতে এনআরবি গ্লোবাল ব্যাংকের শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।