বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের খবর বিশ্বের শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমে ব্রেকিং নিউজ হিসেবে প্রচারিত হয়েছে। আলজাজিরা, ওয়াশিংটন পোস্ট, এএফপি, এপি, রয়টার্স ইত্যাদি সংবাদমাধ্যমে এ ঘটনার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে।
বিকাল ৩টার দিকে কুর্মিটোলা হাসপাতালে জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, তাদের কাছে বনানীর আগুনে নিহত একজন পুরুষের মরদেহ এসেছে।
২২তলা ভবনটিকে আটকা পড়েছেন অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। এ রকম আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন ভবনে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত লোকজন জানালা দিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন। তাদের অনেককেই চিৎকার করতে শোনা গেছে।
ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। আবার অনেকেই রশি বেয়ে নামার চেষ্টা করছেন।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর ফায়ার টিম, বিমানবাহিনীর হেলিকপ্টার ও সেনাবাহিনীর সদস্যরা।
ভবনটিতে বহুজাতিক প্রতিষ্ঠানের একাধিক কার্যালয় আছে। একই সঙ্গে গার্মেন্টের বায়িং হাউসসহ বিভিন্ন কার্যালয় রয়েছে।
তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বাইরে থেকে পানি ও বালি ছুড়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।