হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ। রোববার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় তিনি জাম্বুরীর অনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ জাম্বুরী চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। জাম্বুরীতে দেশ-বিদেশের প্রায় ১২ হাজার স্কাউট ছেলে-মেয়ে, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা অংশ গ্রহন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, স্বাউট আন্দোলন শিশু-কিশোরদের চারিত্রিক গুনাবলী বিকাশে খুবই গুরুত্বপুর্ণ। লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদেরকে সস্পৃক্ত করার মানসিকতা তৈরিতে স্কাউটিংয়ের ভূমিকা অনন্য
তিনি আরও বলেন, স্কাউটরা নিয়মিত সমাজ সেবামূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রিয় মাতৃভূমিকে আরো সুন্দর করে গড়ে তুলতে স্কাউটরা রাখতে পারে অগ্রণী ভূমিকা। বিশেষ করে শিশু-কিশোর ও যুবকদের মাদক, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিষবাস্প থেকে নিরাপদ এবং দূরে রাখতে স্কাউটিং ইতিবাচক অবদান রাখছে। স্কাউটিংই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল করে গড়ে তুলতে।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত করার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। সরকারের যুগোপযোগী পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ ইতোমধ্যে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে, পেয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের চলমান অগ্রযাত্রায় নেতৃত্বদানের জন্য আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে আমি স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
এসময় রাষ্ট্রপতি আরও বলেন, স্কাউটরা সৃষ্টিকর্তা ও দেশের প্রতি কর্তব্য পালন করতে এবং সর্বদা অপরকে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্কাউট আন্দোলনে যোগদান করে। সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড, বৃক্ষরোপণ, পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ, জলবায়ু উষ্ণতা রোধে জনসচেতনতা তৈরি, বন্যা, ঘূর্ণিঝড়, ভবনধ্বস ও অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধার কাজসহ জাতীয় দুর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে। তোমাদের এ সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে আরো বিস্তৃতি লাভ করবে বলে আমি আশাকরি। তোমরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরাই জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবে। এ জন্য তোমাদের যোগ্য ও দক্ষ হয়ে উঠতে হবে।