এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: এলেঙ্গা-হাটিকুমরুল ফোরলেন মহাসড়কের নির্ধারিত জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের বিরুদ্ধে।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে এ ভবন নির্মাণের কাজ করছেন আফছার আলী নামে ওই সাবেক সেনাসদস্য।
জানা যায়, ধোপাকান্দি মৌজার আর এস ২৪১ দাগের নিজস্ব জমির উপর পাকাভবন নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন আফছার আলী। তার বাড়ির সামনের অংশে সওজের খাল, খালের উপরেই মহাসড়ক। সম্প্রতি এলেঙ্গা-হাটিকুমরুল ফোরলেন সড়কের রাস্তার মাপ হওয়ার পর সড়ক ও জনপথ বিভাগ সীমানা নির্ধারণ করে। কিন্তু সওজের নির্ধারিত সীমানা পেচিয়ে খালের উপর প্রায় ১৮/১২ ফুট জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন আফছার আলী।
এ বিষয়ে আফছার আলীর সাথে কথা বললে তিনি প্রথমে বলেন, নিজের সম্পত্তির উপর ভবন নির্মাণ করছেন। পরক্ষণেই বলেন আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছ থেকে লিজ নিয়েছি। লিজ নেয়া জায়গাতেই ভবন নির্মাণ করছি। তিনি আরো বলেন, এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ কোন নোটিশ দেয় নাই। নোটিশ দেয়ার আগ পর্যন্ত আমি ভবন নির্মাণ করতে পারবো।
এলেঙ্গা-হাটিকুমরুল ফোরলেন প্রকল্পের প্রকল্প ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. বাপ্পী জানান, এখন যেভাবেই ভবন স্থাপন করুক না কেন রাস্তার কাজ শুরু হলে সীমানার মধ্যে যে কোন স্থাপনাই উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।