এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে পাঁচ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নিকট পাঁচ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার জামতৈল গ্রামের আনোয়ার হোসেন কাঠাল, তার স্ত্রী বেদেনা বেগম, সাইফুল সরকার, তার স্ত্রী সাবিনা বেগম এবং রবি সরকার।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগামী ৩১ মার্চ কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা কর্মসূচীর অংশ হিসেবে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যাবার প্রতিশ্রুতি দিচ্ছেন। গত তিনদিনে মোট ১০ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন।