ঝড়া পাতা, নতুন কলি
ফিরে এসেছে বসন্তের রানী
স্বাগত তোমায় হে… বসন্তবিলিয়ে দাও সৌরভ
মেলে ধর রূপ-রঙ
তোমার নব যৌবনে
উচ্ছ্বসিত হয়ে উঠুক নতুন লাবণ্য…
শামস রহমান: প্রকৃতির নিয়মে ‘দখিন সমীরণের শিহরণ’ জাগাতে সেই মাহেন্দ্র দিন অবশেষে এসেই গেল। জেগে উঠল বসন্ত। ঋতুরাজ বসন্তের আগমনী দিন। অভিন্ন এক অনুভূতিতে আজ ভাসছে ভাটিবাংলা থেকে সারা বাংলা, ‘বসন্ত বাতাসে… সই গো/বসন্ত বাতাসে/বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে।’ যে প্রাণখোলা বুনো আনন্দে একদিন দুলেছিলেন শাহ আবদুল করিম, সে আনন্দ আজ সবার। উদ্বেল, ব্যগ্র হৃদয়ের মন্দিরে আজ দুলে দুলে উঠছে এই কামনা, ‘মধুর বসন্ত এসেছে, আমাদের মধুর মিলন ঘটাতে…’।
প্রভাতের নবীন ঊষা বাংলার প্রকৃতিতে নিয়ে এসেছে ঋতুরাজের দোলা। খুলে গেছে দখিনা দুয়ার। মানব-মানবীর হৃদয়ের বেদি আর প্রজাপতির রঙিন পাখা, মৌমাছির গুনগুনানি, বৃক্ষ-লতা-গুল্ম, ফুলে-ফলে, পত্র-পল্লবে, শাখায় শাখায়, ঘাসে ঘাসে, নদীর কিনারে, কুঞ্জ-বীথিকা আর অরণ্য-পর্বতে নবযৌবনের বান ডেকেছে।
প্রকৃতির এই রূপতরঙ্গে দুলে ওঠে কবিগুরু গেয়ে ওঠেন- ‘ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে।’ গেয়ে ওঠেন- ‘ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান/ তোমার, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান/ আমার আপনহারা প্রাণ/আমার বাঁধনছেঁড়া প্রাণ’। আজও সেই সুর ধ্বনিত হচ্ছে প্রতি হৃদয়ে।
ঋতুরাজ বসন্তকে গান, আবৃত্তি ও নৃত্যের তালে তালে বরণ করে নেয় বসন্তপ্রেমীরা…
খুলনা : ‘বসন্তের ছোঁয়া লাগুক প্রাণে প্রাণে’_ স্লোগানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনের উদ্যোগে ক্যাম্পাসে শুরু হয় নানা আয়োজন। কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বাদ্যযন্ত্রের তালে তালে শিক্ষার্থীদের শোভাযাত্রাটি অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সকাল ৮টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাটক মঞ্চস্থ হয়।
চট্টগ্রাম : নগরীর শিল্পকলা একাডেমি ও ডিসি হিলে আবৃত্তি সংগঠন
প্রমা এবং বোধন পৃথকভাবে দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করে। সকালে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। ডিসি হিলে দলীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় বসন্ত উৎসব। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামশুল আরেফিন, বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো প্রধান তপন চক্রবর্তী, নিরুপম চক্রবর্তী, সিসিএল পরিচালক শ্যামল পালিত প্রমুখ। দিনব্যাপী এ উৎসবে নাচ, গান, কবিতা ও দলীয় পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন প্রমার সদস্যরা। অন্যদিকে নগরীর ডিসি হিলে আবৃত্তিকার জাবেদ হোসেন ও শারমিন মৃত্তিকার উপস্থাপনায় সকাল ৯টায় শুরু হয় ১২তম বসন্ত উৎসব। দলীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এ উৎসব। এরপর রাগ ভৈরবী পরিবেশন করেন শিমুল নন্দী। এ ছাড়া ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, ঘুঙুর নৃত্যকলা একাডেমিসহ একক ও দলীয় পরিবেশনা করেন স্থানীয় শিল্পীরা।
সিলেট :এমসি কলেজ ক্যাম্পাসে সকাল থেকেই তরুণ-তরুণীদের দীর্ঘ লাইন দেখা যায়। বেলা ১১টায় মোহনা সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, শিক্ষক সমিতির সম্পাদক তোতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামীমা আখতার চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পান্না রানী রায়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাহেদা বেগম, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সামসুদ্দিন সামস, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ইমরান তালুকদার, থিয়েটার মুরারিচাঁদের আহ্বায়ক গোলাম মাহাতি প্রমুখ। এ ছাড়া লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাব কবি নজরুল অডিটোরিয়ামে নাচ, গান ও নাটক পরিবেশন করে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, মদন মোহন কলেজসহ বিভিন্ন কলেজে বসন্ত উৎসব পালন করা হয়।
রাজশাহী :ঋতুরাজ বসন্তকে বরণ করতে মেতেছেন রাজশাহীবাসী। সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসবসহ নানা আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকালে শোভাযাত্রা বের করে রাজশাহী কলেজ। বসন্তের ফুলে সেজে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বর। বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে আয়োজন করা হয় বসন্তবরণ ও পিঠা উৎসবের। চারুকলার মুক্তমঞ্চে দিনব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে চারুকলার শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা বের করে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রও। কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট আয়োজন করে শোভাযাত্রা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক আড্ডার।
বগুড়া : সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনে সকাল সাড়ে ১০টায় শিক্ষক-শিক্ষার্থীরা পদযাত্রা বের করেন। পরে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মো. সামস্্-উল-আলম। বেলা সাড়ে ১১টায় কলেজের মুক্তমঞ্চে আয়োজন করা হয় ‘বসন্ত কথন’। এতে বক্তৃতা করেন সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ মো. ফজলুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার সভাপতি তৌফিক হাসান ময়না, বসন্ত উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক তন্ময় সূত্রধর, কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন শোভন ও সাধারণ সম্পাদক তপন কুমার পাটোয়ারী। পরে বসন্ত নিয়ে রচিত গান, কবিতা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল :বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে আবৃত্তি, নাচ, গান, অভিনয়, ফ্যাশন শো এবং পুষ্পমেলাসহ নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়। তরুণ-তরুণী, শিশু-কিশোররা সব বয়সের নারী-পুরুষ রঙ-বেরঙের ফুল এবং হলুদ শাড়ি-পাঞ্জাবিতে নিজেদের সাজিয়ে অংশ নেন বসন্ত উৎসবে। সকাল ১০টায় সরকারি মহিলা কলেজের বকুলতলা আলোকায়ন মঞ্চে বসন্ত উৎসবের উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরীর জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজে বিকেলে উদীচী ও বরিশাল নাটক ও খেয়ালী নানা অনুষ্ঠানের আয়োজন করে।