জার্মানবাংলা রিপোর্ট: পুলিশ অফিসার সেকেন্দার ও মাজহারুল ইয়াবা সেবন করে এবং এক তরুণীকেও অস্ত্রের মুখে ইয়াবা সেবনে বাধ্য করে। এরপর ওরা দুজনে মিলে ওই তরুণীকে ধর্ষণ করে। হুমকি দেয়া হয় ধর্ষণের কথা কাউকে বলে দিলে মেরে লাশ গুম করা হবে।’ এমন এক লোমহর্ষক অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সাটুরিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক সেকেন্দার হোসেন ও এএসআই মাজহারুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করা হলেও শেষমেশ রক্ষা হয়নি। ডাকবাংলোতে আটকে রেখে তরুণীকে ধষর্ণ ও জোর করে ইয়াবা সেবন করানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন পুলিশের তদন্ত কমিটির সদস্যরা।
সোমবার ১১ ফেব্রুয়ারি রাতে ওই তরুণী পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। রাতেই ওই তরুণীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের ওই দুই অভিযুক্ত কর্মকর্তাকে।
নির্যাতনের শিকার ওই তরুণী রোববার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী সোমবার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন।
মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, সাটুরিয়া থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয় নিয়ে সোমবার তদন্ত করা হয়। তদন্ত কমিটির কাছে নির্যাতনের শিকার ওই তরুণী তার উপর নির্যাতনের বর্ণনা দেন। দিনভর প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে ওই তরুণী পুলিশ সুপারের কাছে যে অভিযোগ করেছেন তার সত্যতা রয়েছে।