এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে পারভেজ রানা (১৯) নামে এক কলেজ ছাত্র অপহরণ মামলায় গ্রেফতার হওয়া তার চার বন্ধুর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক ্মোর্শেদ আলম এ আদেশ দেন।
এরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পারপাচিল গ্রামের আজাদ তালুকদারের ছেলে নয়ন (১৯), একই গ্রামের আকবর শেখের ছেলে রাজন (৩০), পাঁচঠাকুরী গ্রামের দুদু শেখের ছেলে মোবারক (৩৫) ও ফরজ আলীর ছেলে লুৎফর (১৯)।
সদর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, অপহরণ মামলায় গ্রেফতার চার আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। শুনানী শেষে বিচারক প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তার সহপাঠী ও বিভিন্ন কলেজের ছাত্ররা। মঙ্গলবার সকালে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে তারা এ আল্টিমেটাম দেন।
প্রসঙ্গত, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও সদর উপজেলার ভেওয়ামারা গ্রামের বাবুল আক্তার জনির ছেলে পারভেজ রানাকে ২৮ জানুয়ারি বিকেলে ফোন করে নিয়ে যায় তার এক বন্ধু।
এরপর থেকে পারভেজ রানা নিখোঁজ ছিল। এ ঘটনায় পারভেজ রানার নানা গাজী মোঃ আব্দুল কুদ্দুস সরকার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ১ জানুয়ারি মামলার ৪ আসামীকে গ্রেফতার করে পুলিশ।