জার্মানবাংলা রিপোর্ট: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন আশরাফুল আলম খোকন ও কেএম শাখাওয়াত মুন। ২০১৩ সালের ১৮ই আগস্ট প্রথমবারের মতো একবছরের চুক্তিভিত্তিক মেয়াদে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল আলম খোকন। দ্বিতীয় মেয়াদে ফের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন তিনি।
এদিকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর সিনিয়র প্রশিক্ষক কেএম শাখাওয়াত মুন প্রেষণে বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক (অনুষ্ঠান) হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের হয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত সাংবাদিক হিসেবে প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। ৩১ জানুয়ারি শাখাওয়াত মুনকে প্রেষণে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি আদেশ জারি করেছে। আদেশে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করার কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩১ জানুয়ারি আশরাফুল আলম খোকনকে ফের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, মুহাম্মদ আশরাফুল আলম খোকনকে ৭ই জানুয়ারি ২০১৯ অথবা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) গ্রেড-৪ এ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।