হাবিবুর রহমান, গাজীপুরের কালিগঞ্জে গণপিটুনিতে অজ্ঞাতনামা দুই ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রাথুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের একজন ওমর ফারুক (৪০) , বাড়ি নরসিংদী জেলায় বলে জানিয়েছে গ্রামবাসী। আটককৃত ডাকাতদের কাছ থেকে রাম দা, চাপাতি, কার্টার ও দরজা ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জের নাগরী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদির জানান,মঙ্গলবাল (২৯ জানুয়ারি) রাত ২টার দিকে ১০ জনের ডাকাতদল রাথুরা এলাকার রাবেয়া বেগমের বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে।
পরে প্রতিবেশী সায়েম আকন্দের বাড়ির গেইটের তালা কেটে বাড়িতে ঢোকার চেষ্টা করে।
এসময় বাড়ির লোকজন টের পেয়ে মোবাইল ফোনে প্রতিবেশীদের জানায়। পরে গ্রামবাসী স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের ধাওয়া করে।
উলুখোলা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) গোলাম মাওলা জানান, ডাকাতদের আটক করে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। তাদের অপর সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় ডাকাতদের ব্যবহৃত রাম দা, চাপাতি, কার্টার ও দরজা ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, গণপিটুনিতে নিহতের ঘটনায় থানায় মামলা নেয়া হচ্ছে ।