জার্মানবাংলা ডেস্কঃ ২০১৯ সালে জার্মানিতে প্যাকেজিং বর্জ্য কমাতে কী উদ্যোগ নেয়া হয়েছে বা এ বছর ফোন কলের খরচ কত কমছে জানেন কি? জানেন কি অ্যাপেন্ডিক্স রোগীদের অপারেশন না করলেও চলবে এ দেশে? জানুন এখানেঃ-
প্যাকেজিং বর্জ্য কমানোর নতুন উদ্যোগঃ পরিবেশ রক্ষায় জার্মানিতে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে প্যাকেজিং বর্জ্য কমানোর লক্ষ্যে নতুন আইন করা হয়েছে। এই আইন ‘অনলাইন’ বিক্রেতাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। এর ফলে প্যাকেজিং বর্জ্য কমাতে এবার থেকে আরো বেশি রিসাইক্লিং এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে হবে।
সস্তায় ফোনকলঃ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-র যে কোনো দেশ থেকে বাইরের কোনো দেশে ফোনকলের মূল্য কমে মিনিটে মাত্র ১৯ সেন্ট করা হবে। আর এটা হবে আগামী মে মাস থেকেই।
এসএমএসঃ শুধু তাই নয়, মোবাইল থেকে এসএমএস করলে মিনিটে খরচ পড়বে মাত্র ৬ সেন্ট৷ দারুণ খবর, তাই না?
ইলেকট্রনিক গাড়ির শব্দ বাড়ানো হবেঃ ইলেকট্রনিক গাড়ি চলার সময় শব্দ খুব কম হয়, যা ততটা নিরাপদ নয়। তাই আগামী জুলাই মাস থেকে যেসব ইলেকট্রিক গাড়ি বাজারে আসবে, সেগুলোয় শব্দ একটু বেশি হবে। গাড়িগুলোতে একটি সতর্কতামূলক ব্যবস্থা থাকবে, যার শব্দ গাড়ির ভেতরের ইঞ্জিন থেকেই শোনা যাবে।
অ্যান্টিবায়োটিকেই কাজ হতে পারেঃ ছোট-বড় সকলের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স অপারেশনের কথা প্রায়ই শোনা যায়৷ তবে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, অ্যান্টিবায়োটিকের মাধ্যমে অপারেশন ছাড়াও নাকি এর চিকিৎসা সম্ভব, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তথ্যটি প্রকাশ করেছে জার্মানির সার্জারি সোসাইটি৷ বলা বাহুল্য, জার্মানিতে প্রতিবছর ১০০,০০০টি অ্যাপেন্ডিক্সে রোগীর অপারেশন হয়ে থাকে। তথ্যসূত্রঃ ডয়চে ভেলে।