জার্মানবাংলা রিপোর্ট: বছরের শুরুতে আজ সারা দেশে নতুন বইয়ের ঘ্রাণে মেতে উঠবে সোয়া চার কোটি শিক্ষার্থী। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সোয়া চার কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই। এরইমধ্যে স্কুলে স্কুলে পাঠ্যপুস্তক উৎসবের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) সূত্র।
এনসিটিবি’র কর্মকর্তারা জানান, ২০১৯ সালের জন্য প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চার কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই দেয়া হবে। এ জন্য খরচ পড়ছে প্রায় এক হাজার ৮২ কোটি টাকা। ২০১০ সাল থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ করছেন শেখ হাসিনার সরকার। বর্তমান সরকারের এটি বিরাট সাফল্য। আজ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা আলাদা স্থানে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করবে।
সকাল সাড়ে ৯টায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে নবনির্বাচিত এমপি ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন। এই উৎসবে রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেবেন। এনসিটিবি’র আয়োজনে এই উৎসবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ঢাকায় কেন্দ্রীয় উৎসব হলেও বছরের প্রথম দিন সারা দেশের স্কুল-মাদরাসায় উৎসবের মধ্য দিয়ে বই বিতরণ করা হবে। উৎসবে নবনির্বাচিত ও বর্তমান এমপিরা উপস্থিত থাকবেন।