জার্মানবাংলা ডেস্ক: আগামী রোববার, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে সহিংসতা পরিহারের জন্য অনলাইনে প্রচারণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতবাসের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এ বিষয়ে একাধিক পোস্ট দেওয়া হয়েছে।
বুধবার দূতাবাসের ফেসবুক পেজ থেকে ‘মার্কিন দূতাবাস শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করে’ শিরোনামে ‘শান্তির বীজ বপন করুন। যেমন কর্ম তেমন ফল’ লেখা পোস্টার প্রকাশ করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে রাষ্ট্রদূত আর্ল মিলারের একটি বক্তব্য পোস্ট করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি অনুষ্ঠানে শান্তিপূর্ণ নির্বাচনের প্রসঙ্গে তিনি যে কথাগুলো বলেছিলেন সেই বক্তব্যই তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘আমরা আশা করি, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে।’
সংঘাত-সহিংসতামুক্ত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাসের ফেসবুক পেজে মঙ্গলবার এক বার্তায় বলা হয়েছে, ‘সহিংসতায় জড়ানোর আগে ভাবুন। এর ওপর আপনার দেশ নির্ভর করছে।’
বার্তায় শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি সমর্থন জানানোর উল্লেখ করে বলা হয়েছে, ‘সহিংসতা বন্ধ করুন। শান্তিপূর্ণভাবে বিজয়ী হোন। শান্তিপূর্ণভাবে ভোট দিন।’ দূতাবাস মঙ্গলবার সকালের দিকে ফেসবুকে আরেকটি বার্তায় লিখেছে, ‘শান্তিপূর্ণ নির্বাচন এবং অর্থনৈতিক সমৃদ্ধি হাতে হাত রেখে চলে!’
এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাস নিজস্ব ফেসবুক বার্তায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে লেখে, ‘যেমন বীজ বুনবেন তেমন ফসল পাবেন। তাই শান্তির বীজ বপন করুন!’
বড়দিনের প্রাক্কালে সোমবার দুপুরে ফেসবুকে বড় দিনের উৎসবের বার্তায়ও ছিল শান্তির আহ্বান—‘শুভ ছুটির দিন। শান্তিপূর্ণভাবে ভোট দিন। শান্তিপূর্ণভাবে বিজয়ী হোন।’
যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে রবিবারও ছিল শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা। বাংলায় সেই বার্তাটি ছিল—‘ভালো বন্ধু। সবচেয়ে শান্তির বন্ধুরাই।’
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাতে সহিংসতামুক্ত, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।