সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ফিটকারি, চিনি ও পানি দিয়ে তৈরি ভেজাল মধুর বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে জরিমানা ও ভেজাল মধু ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে উপজেলার বড়কুড়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি ভেজাল মধু ধ্বংস করা হয়।
এ সময়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভেজাল মধু তৈরির মালিক ইব্রাহিমকে (২৫) ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, উপজেলার বড়কুড়া গ্রামে বেশ কিছু বাড়ীতে ভেজাল মধু তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ভেজাল মধু ধ্বংস ও ভ্রাম্যমান আদালত বসিয়ে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।