এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরে একই দিনে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল তিন স্কুল ছাত্রী। শনিবার এতথ্য নিশ্চিত করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
স্কুল ছাত্রীরা হলেন, সদরের বহুলী ইউনিয়নের ব্রক্ষখোলা গ্রামের মোছাঃ স্বর্ণা খাতুন (১৩), বাগবাটি ইউনিয়নের মালিগাতি গ্রামে মোছাঃ পূর্ণিমা খাতুন (১৫) ও সয়দাবাদ ইউনিয়নের বাঐতারার মোছাঃ শারমিন খাতুন (১৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান জানান,শুক্রবার রাত ৯টায় সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তখন কনে বাঐতারা গ্রামের সাইফুল সরকারের কন্যা শারমিন খাতুন (১৫)র সাথে পাইকপাড়া গ্রামের রইজ উদ্দিনের পুত্র সাব্বির আলীর (২০) বিবাহের আয়োজন চলছিল। আইনশৃৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। কনে যমুনা সেতু দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী। বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাল্যবিবাহ বন্ধ করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের ব্রক্ষখোলা গ্রামে কনের বাড়ীতে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। তখন কনের বাড়ীতে কনে ব্রক্ষখোলা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে স্বর্ণা খাতুন (১৩)র সাথে বর রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার মোহাম্মদ আলী এর পুত্র ইমরান (২২)র বিয়ের আয়োজন চলছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বর ও কাজী পালিয়ে যায়। কনে আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী। এরপর ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে কনের মায়ের কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেন।
সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের মালিগাতি এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তখন কনের বাড়ীতে কনে মালিগাতি গ্রামের মতিয়ার রহমান কন্যা পূর্ণিমা খাতুন (১৫)র সাথে বর একই উপজেলার ছোনগাছা ইউনিয়নের খাতা জয়নগর গ্রামের আঃ রাজ্জাকের পুত্র জাহিদুল ইসলাম (২২) এর বিয়ের আয়োজন চলছিল। কনে হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। এরপর ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে কনের বাবা মতিয়ার রহমান ও বরের মামা শহিদুল ইসলাম প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নবীদুল ইসলাম, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন পি.সি নুরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ