এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোরী পলি খাতুন গণধর্ষণ ও হত্যার দায়ে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার নরিনা ইউনিয়নের যুগ্নীদহ গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আব্দুল জলিল, একই গ্রামের ফিরোজুল ইসলাম ও নুর মোহাম্মদ মুন্সী।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া জানান, পলি খাতুন গণধর্ষণ ও বিষপানে হত্যার ঘটনায় কিশোরীর বাবা সাইফুল ইসলাদ বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা পর রাতে ওই তিন জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য,গত মঙ্গলবার সন্ধ্যার আগে বাড়ির পাশের ক্ষেতে পলি শাক তুলতে যায়। এ সময় তাকে একা পেয়ে তাকে ধর্ষণ করে। পরে তাকে কিটনাশক খাইয়ে দেয়। সন্ধ্যার পর বাড়িতে গিয়ে পলি অসুস্থ হয়ে পড়ে এবং বাবা-মার কাছে সব খুলে বলে। পরিবারের লোকজন প্রথমে তাকে পোতাজিয়া পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।