সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়নে জন্ম নিবন্ধন সনদে ইউপি সচিবের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার আশরাফুল আলম নামে এক ভুক্তভোগী নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। সরকারী নিয়মানুযায়ী জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত জন্ম নিবন্ধন ফি ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপর সব বয়সীদের ৫০ টাকা ফি নেয়ার নিয়ম থাকলেও কাওয়াকোলা ইউপি সচিব মো. সাইদুল ইসলাম ২২৫ টাকা ফি আদায় করছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঐ ইউনিয়নের কৈগাড়ী দোরতা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আশরাফুল আলম সোমবার ৯ মার্চ দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদে তার ভাতিজি আখি আনোয়ার মনির জন্ম সনদ গ্রহণ করিতে গেলে জন্ম সনদ বাবদ ২২৫ টাকা টাকা ফি নেয় ইউপি সচিব। স্থানীয় অনেকেই ইউপি সচিবের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে অভিযোগ করে বলেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ইউপি সচিব সাইদুল ইসলাম এভাবে জন্ম নিবন্ধন সনদে লাগামহীন ফি আদায় করলেও দেখার কেউ নেই। অভিযুক্ত ৮নং কাওয়াকোলা ইউপি সচিব মো. সাইদুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত ফি ছাড়া জন্ম সনদ বাবদ অতিরিক্ত অর্থ নেয়ার কোন সুযোগ নেই। তবে উদ্যোক্তাদের বেতন না থাকায় সনদ ফি সহ ১০০ টাকা নেয়া হয়। কৈগাড়ী দোরতা গ্রামের এক ব্যক্তির নিকট থেকে জন্ম সনদ বাবদ ২২৫ টাকা নিয়েছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার নিকট থেকে সর্ব মোট ২২৫ টাকা নেয়া হয়েছে। যার মধ্যে ১২৫ টাকা রয়েছে বাড়ির ট্যাক্স। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, সচিব জন্ম সনদ বাবদ অতিরিক্ত অর্থ আদায় করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।