গাইবান্ধার সাদুল্যাপুরে বাকিতে পণ্য না দেওয়ায় দোকানি ওয়াসিমকে (৩৮) গুলি করার অভিযোগ উঠেছে গোলাপ মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ওয়াসিমকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাবি সেলিনা বেগমও গুলিবিদ্ধ হন।
বুধবার সকালে উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত গোলাপ মিয়া (২৫) উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজার এলাকার তয়েজ উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ ওয়াসিম একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বুধবার সকালে গোলাপ মিয়া বাড়ির পাশের দোকানে গিয়ে বাকিতে পণ্য চান। কিন্তু দোকানি দিতে না চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাপ মিয়া বাড়ি গিয়ে আগ্নেয়াস্ত্র এনে দোকানি ওয়াসিমকে গুলি করেন। এ সময় ওয়াসিমের ভাবি সেলিনা বেগমও গুলিবিদ্ধ হন।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফুর রহমান বলেন, দুপুরের দিকে একজন পুরুষ ও নারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ওই যুবক কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত বলা যাবে না। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।