হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা আওয়ামী লীগ এর দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষে আজ শনিবার সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলামের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের পরিচালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক এমপি মনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। বর্ধিত সভায় তালা উপজেলা কমিটিসহ ১২টি ইউনিয়ন এবং ১০৮টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকগণ অংশগ্রহণ করেন।
সভায় আওয়ামী লীগের একাংশ প্রার্থী বাঁছাইয়ের ক্ষেত্রে ( গোপন ব্যালটের মাধ্যমে) ভোটের পক্ষে অবস্থান নেয়। কিন্তু কয়েকজন প্রার্থী, কর্মী ও তাদের সমর্থকেরা ভোটের বিরুদ্ধে অবস্থান নেয়। এনিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ সভা আজকের মত মুলতবি ঘোষনা দিয়ে সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামকে সাথে নিয়ে বেলা দেড়টার দিকে সভা কক্ষ ছেড়ে নিজ নিজ গাড়িতে চড়ে সভাস্থান ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় নেতা-কর্মীরা তাদের গাড়ির সামনে শুয়ে পড়ে এবং তাদেরকে অবরুদ্ধ করে ফেলে।
অবরুদ্ধকারীরা গোপন ব্যালটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনের দাবীতে শ্লোগান দিতে থাকে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম জানান, বর্ধিত সভায় একগ্রুপ চায় ভোটের মাধ্যমে উপজেলা প্রার্থী চুড়ান্ত করতে, আর অপর একটি গ্রুপ চায় ভোট ছাড়াই আলাপ-আলোচনার মাধ্যমে প্রার্থীতা চুড়ান্ত করতে। আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম সাতক্ষীরায় ফিরে গিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো । আমরা সভা স্থল থেকে গাড়িতে উঠার সাথে সাথে যে পক্ষ ভোট চায় তাদের সমর্থকেরা গাড়ির চারপাশ ঘিরে ফেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান রাসেল কে এবিষয়ে প্রশ্ন করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমার এর সাথে কথা বললে তিনি ভোটের মাধ্যমে প্রার্থীবাছাইয়ের পক্ষে বলে জানান। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে জানতে চাইলে বেশিরভাগ নেতাই ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পক্ষে মত দেন।
সবশেষে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর জেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক আলহাজ্জ নজরুল ইসলাম হ্যান্ড মাইকের মাধ্যমে আগামীকাল সকাল ১১টায় ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে বলে ঘোষনা দিলে নেতা কর্মীরা অবরোধ তুলে নেয়।