সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সোমবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার কাথন্ডা বাজার থেকে সাতক্ষীরার ডিবি পুলিশ কাভার্ডভ্যান ভর্তি ফেন্সিডিলসহ দুই জনকে আটক করে। এ সময় কাভার্ড ভ্যানের ভিতর তল্লাশী চালিয়ে ৫৯০ বোতল ভারত থেকে অবৈধভাবে আমদানীকৃত নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করে।
আটককৃতরা হলেন, মাগুরা জেলার শালিখা গ্রামের আবু সাঈদের ছেলে স্বপন মিয়া (৩৪) ও বগুড়া জেলার শিবগঞ্জ গ্রামের তোসাদেক হোসেনের ছেলে খসরু পারভেজ (৫০)।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আলী আহমদ হাশেমি জানান, সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা ভারত থেকে অবৈধ পথে ফেন্সিডিলের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাথন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভিতরে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং আটক করা হয় উক্ত দুই মাদক ব্যবসায়ীকে। তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে সোমবার ভোরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ৩ লাখ ৪৪ হাজার ৬’শ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ি, বাংলাদেশী সুপারী, ভারতীয় চাপাতা ও বাইসাইকেল। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন কাকডাঙ্গা বিওপি’র হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ টাকা মূল্যের ৩ গাইড ভাতীয় মূল্যবান শাড়ি জব্দ করে। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা, মাদরা, বৈকারী, খড়িডাঙ্গা ও তলুইগাছা সীমান্তে স্ব-স্ব বিওপির বিজিবি সদস্য অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় চাপাতা ২ বস্তা ২০ কেজি, বাংলাদেশী সুপারী ৪০ কেজি ও একটি বাইসাইকেল জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্য ৩ লাখ ৪৪ হাজার ৬’শ টাকা।
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।