জার্মান-বাংলা ডেস্ক:বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাকে নিয়ে সৃজিত শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্রসারথি’ শীর্ষক প্রদর্শনী জাতীয় চিত্রশালার ১ ও ৬ নং গ্যালারীতে ২৮ সেপ্টেম্বর-২৭ অক্টোবর ২০১৯ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন‘র সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের উপর ১০টি আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৩ অক্টোবর ২০১৯ বিকাল ৩.৩০টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার ও পদ্মা সেতু নির্মাণের মতো বিভিন্ন সাহসী পদক্ষেপের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণে এনে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে দেশ পরিচালনা করছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁকে যেভাবে সম্মানিত করা হচ্ছে, এটা আমাদের দেশের অর্জন।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্পসমালোচক অধ্যাপক নজরুল ইসলাম এবং বিশিষ্ট সাংবাদিক জনাব মনজুরুল আহসান বুলবুল।
উচ্চশিক্ষা ব্যবস্থা, ঢাকা শহরের যোগাযোগের ব্যবস্থার উন্নয়ন এবং সংস্কৃতি ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা তুলে ধরে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘সোনার বাংলা সাংস্কৃতিক বল তৈরীর স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীর রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধুর হাতে তৈরী হয়েছে। আমরা আজ এর সুফল পাচ্ছি। এই একাডেমি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন করে থাকে। এরই ধারাবহিকতায় “শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্রসারথি” শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উপস্তিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে মহাপরিচালক বলেন, ‘নেত্রী যখন দেশে ফিরে এলেন, আশায় বুকটা ভরে গেল। ২১দিনের মাথায় তিনি ডেকে বললেন, শুধু রাজনৈতিক আন্দোলনে সফল হতে হলে সাংস্কৃতিক আন্দোলন যুক্ত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘রাজনীতি যার যার, সংস্কৃতি সবার।’
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তাঁর নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার পথে দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ । বাঙালির স্বপ্নসারথি, উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড ও বর্ণাঢ্য কর্মময় জীবনের শিল্পভাষ্যের উন্মোচন। এই আলোকচিত্র ও শিল্পকর্মগুলোর মধ্যে জননেত্রী শেখ হাসিনাকে শিল্পের একক আবহে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।