জার্মানবাংলা রিপোর্ট: আগামী ৭ই জানুয়ারি সোমবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে। এজন্য রোববার শেষবেলায় নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা মন্ত্রিপরিষদ সচিবের কাছে দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ বিভাগ সেই অনুযায়ী ফাইল তৈরি করবেন এবং তা বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের সময় তৈরি রাখবেন। শপথের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মানবজমিনকে বলেন, আগামী সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে দিন তারিখটি ঠিক করা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার বেলা সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন, ইনশাআল্লাহ্।
এদিকে একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রেসিডেন্ট এই আমন্ত্রণ জানান।