জার্মান-বাংলা ডেস্ক: জনাকিন্য রাস্তায় স্ত্রীর সামনে হত্যার শিকার বরগুনার রিফাত শরীফের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বরগুনা কামিল (মডেল) মাদ্রাসা জামে মসজিদের ইমাম ক্বারী মো. সোলায়মান জানাজায় ইমামতি করেন।
জানাজায় অন্যান্যের মধ্যে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ মো. জাহাঙ্গীর কবীর, বরগুনা জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বরগুনার সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকুসহ এলাকাবাসী অংশ নেন। এছাড়া জানাজায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন । সে সময় তারা নিহত রিফাতের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান এবং তাদের যে কোনো সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রিফাতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার নিজ বাড়িতে পৌঁছায় একটি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
বরগুনা সরকারি কলেজ থেকে স্ত্রী আয়েশাকে নিয়ে ফেরার পথে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সন্ত্রাসী নয়ন, রিফাত ফরাজীসহ দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। সে সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। রিফাত শরীফের স্ত্রী আয়েশা দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই হামলাকারীদের থামানো যায়নি। তারাফিল্মিস্টাইলে রিফাত শরীফকে কুপিয়ে রক্তাক্ত জখম করে এলাকা ত্যাগ করে। এসেময় অনেকেই এই নির্মম হত্যাকান্ড দেখেও সাহায্যের জন্য এগিয়ে আসেনি।
পরে স্থানীয় লোকজন রিফাত শরীফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়।
বুধবার সংঘটিত এই হত্যাকান্ডের প্রেক্ষিতে রাতে ১২ জনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা। ঘটনার পর এখন পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকিদের ধরতে পুরো বরগুনায় অভিযান পরিচালনা করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।