আরিফুজ্জামান আরিফ,যশোর প্রতিনিধি: যশোর শেখহাটি জামরুল তলা তারা মসজিদ জোড়া পুকুর পাড়ে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে যুবক আব্দুল্লাহ আল মামুন (৩২) নিহত ও আরিফ (২৫) আহতের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। নিহত আব্দুল্লাহ আল মামুনের মাতা যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মৃত আব্দুর রবের স্ত্রী বকুল খাতুন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
হত্যাকান্ডের পর কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনার পর থেকে ঝটিকা অভিযান চালিয়ে হত্যার কান্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে। এরা হলো,যশোর শহরের আব্দুস সবুর খোকার ছেলে সুজন ওরফে ছোট সুজন (১৬),সদর উপজেলার শেখহাটি খাঁপাড়ার তাজু শেখের ছেলে তামিম রেজা (১৮),শেখহাটি জামরুলতলা আদর্শ পাড়ার ভাটার ভিতরে জোড়া পুকুর পাড়ের রেজাউলের ছেলে ফয়সাল ( ২৪) ও হারুন শেখের ছেলে সুমন (১৬)।
গ্রেফতারকৃতদের পুলিশ হত্যাকান্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকান্ডের মোটিভ উদঘাটন করেছে। এদিকে,রোববার বিকেলে যশোরের পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হত্যাকান্ডের কারণসহ জড়িতদের ব্যাপারে নানা তথ্য দেওয়া হয়।