যশোরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে আগামীকাল সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও চার জেলার এসপির বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ সদর দপ্তর থেকে আজ ১৭ ফেব্রুয়ারি ইস্যু করা স্মারকে (স্মারক নম্বর: ৪৪.০১.০০০০.০১৯.০১৫.২৫.৬৯২) যশোরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে জেলা পুুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে। এই স্মারকে স্বাক্ষর করেছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম।
এই আদেশের অর্থ তাকে যশোর থেকে প্রত্যাহার করা হলো কি না সে ব্যাপারে নিশ্চিত নন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফোন রিসিভ না করায় এই বিষয়ে পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদের বক্তব্য জানা যায়নি। তবে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী আমার দেশকে জানান, উল্লিখিত চিঠি যশোরে এসেছে। তবে এই চিঠির মানে তিনি নিশ্চিত করতে পারেননি।
হাসিনা রেজিমের পতনের পর গত ৩১ আগস্ট যশোরে পুলিশ সুপার হিসেবে যোগ দেন মো. জিয়াউদ্দিন আহম্মেদ। তার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ শোনা যায়নি।এদিকে, নোয়াখালী, নীলফামারী, কক্সবাজার ও সুনামগঞ্জের পুলিশ সুপারদের কাছে একই ধরনের স্মারক পাঠানো হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর জানিয়েছেন।