আরিফুজ্জামান আরিফ।। দৈনিক সংবাদ পত্রিকার বেনাপোল প্রতিনিধি দেবুল কুমার দাসের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে এবং তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসী উজ্জ্বলের নেতৃত্বে সন্ত্রাসীরা।
আহত সাংবাদিক দেবুল কুমার জানান, শনিবার দুপুরের দিকে বাজার থেকে বাসায় ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী উজ্জ্বলের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে । পরে তার বাড়িতে হামলা চালিয়ে স্ত্রীকে লাঞ্চিত করার পাশাপাশি ভাংচুর ও লুটপাট করেছে।
দেবুল কুমার আরও জানান,তার সাথে উজ্জ্বলের সাথে দীর্ঘদিন থেকে পুর্ব শত্রুতা চলে আসছে। উজ্জ্বল সেই সুযোগ কাজে লাগিয়ে আজ তাকে পিটিয়ে জখম করেছে। ইতিপূর্বে দেবুলকে বেশ কয়েকবার হত্যার চেস্টা চালিয়ে আসছিল উজ্জ্বল বাহিনী।
আহত সাংবাদিক দেবুল কুমার দাসের স্ত্রী শিখা সরকার বলেন, আমি ঘটনার সময় বাড়ি রান্নায় ছিলাম। খবর পেয়ে দ্রুত গিয়ে দেখি সে আহত অবস্থায় পড়ে আছে। তার গায়ে কাঁদা মাটি লেগে আছে। শরীরের কয়েক জায়গায় ফুলে আছে।এসময় তারা হুমকি দিয়েছে প্রয়োজনে ২০ লাখ টাকা খরচ করে ওর হত্যা করে গোপালগঞ্জে লাশ পাঠিয়ে দেব।
গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, ঘটনাটি সাংবাদিকদের ফোনে শুনেছি। এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দেবুলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাগআঁচড়া প্রেসক্লাব সহ শার্শা ও বেনাপোলের সকল সাংবাদিকবৃন্দ।