স্রোতে ভেঙে গেছে সাতক্ষীরার আম্পান কবলিত প্রতাপনগরের প্রধান সড়ক।জোয়ারে কুয়াকাটা সৈকতের কমপক্ষে ৩০ ফুট এলাকা সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া শরীয়তপুর ও ভোলায় আবারো বেড়েছে পদ্মা-মেঘনার পানি। নতুন করে প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী এলাকা।
উত্তাল ঢেউয়ের তান্ডবে কুয়াকাটা সৈকতের কমপক্ষে ৩০ ফুট এলাকা সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। জোয়ারে ভেসে যাওয়ার শংকায় ব্যবসায়ীরা দোকান সরিয়ে নিতে শুরু করেছেন। জোয়ারে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের পাঁচটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত ১১টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ। সাগর উত্তাল থাকায় শত শত মাছ ধরার ট্রলার আশ্রয় নিয়েছে কুয়াকাটার পাশে মৎস্য বন্দর আলীপুর মহিপুরে।
এদিকে, জোয়ারের প্রবল স্রোতে ভেঙে গেছে সাতক্ষীরার আম্পান কবলিত প্রতাপনগরের প্রধান সড়ক। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাতক্ষীরার সঙ্গে আশাশুনির যোগাযোগ। জোয়ারের সময় হঠাৎ প্রতাপনগর সড়কটি ভেঙে যায়। পানি কমলে স্বেচ্ছাশ্রমে রাস্তায় বালির বস্তা ফেলা হয়। এতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হলেও স্বাভাবিক হয়নি চলাচল।
অন্যদিকে, ভোলায় বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে মেঘনা। নতুন করে প্লাবিত হয়েছে বেড়িবাঁধের বাইরের ২০টি গ্রাম। পানিবন্দি হাজারো মানুষ। জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘের।
এদিকে, শরীয়তপুরে পানি বেড়ে বিপৎসীমার ওপরে বইছে পদ্মা ও মেঘনা। নড়িয়া ও জাজিরা উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। ৫ দফা বন্যায় অসহায় বানভাসিরা।
এছাড়া, ভোলার লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটের বেশ কিছু অংশ ডুবে গেছে। ব্যহত হচ্ছে ফেরি চলাচল।