জার্মানবাংলা রিপোর্ট: বহুল আলোচিত, সমালোচিত, গণমাধ্যমে সুবক্তৃতা, এক সময়ের আওয়ামী লীগের তরুণ তেজদীপ্ত রাজনীতিবিদ গোলাম মাওলা রনি রাজনীতির নতুন ঠিকানা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তে আনুষ্ঠানিকভাবে জায়গা করে নিলেন।
বিএনপিতে এসেই একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেয়ে চমকও দেখালেন এই প্রাক্তন আ.লীগ নেতা।
বিএনপিতে যোগদান প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, ‘সজ্ঞানে ও সুস্থ শরীরে চিন্তাভাবনা করে’ বিএনপিতে যোগদান করেছি’ ‘আমার বোধ, বুদ্ধি, বিশ্বাস, শক্তি এবং সামর্থ্য দিয়ে সর্বোচ্চ এই দলের জন্য কাজ করব। এই দলের মাধ্যমে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী এবং সমর্থক আছেন, তাদের সেবা করব। তার মাধ্যমে সারা দেশের মানুষের সেবা করার জন্য আমি এখানে এসেছি।’
ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়বেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা সাজুর সঙ্গে, যিনি বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী।
সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে বিএনপিতে যোগ দেন গোলাম মাওলা রনি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
‘আমরা যারা রাজনীতি করি সকলের মন-মস্তিষ্কে নির্বাচন, মনোনয়ন পাওয়া এবং এমপি হওয়ার স্বপ্ন থাকে। আমি যদি বলি, এই স্বপ্ন আমার নেই এবং এই স্বপ্ন ছাড়া এখানে এসেছি, তা হলে এটি ডাহা মিথ্যা কথা। আবার এই স্বপ্নের জন্য এখানে এসেছি তা ভঙ্গ হলে এখানে থাকব না, এটাও ঠিক না। আমি এখানে মৃত্যু পর্যন্ত থাকব’, বলেন গোলাম মাওলা রনি।
গোলাম মাওলা রনি বিএনপিতে যোগদান করায় তাকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের হৃদয় স্পন্দিত হয়েছে। জনগণের প্রিয় মানুষ, গণতন্ত্রের সংগ্রামের পেছনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে তিনি (রনি) আজ গণমানুষের সঙ্গে যোগ দিয়েছেন। আমি তাকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।’
গোলাম মাওলা রনিকে পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। দলে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।