এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:কেপিআই অধিভুক্ত সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ ‘হার্ডপয়েন্ট’ এলাকায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গেলে ইজারাদারের লোকজন সিরাজগঞ্জ পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলামকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপ-বিভাগীয় প্রকৌশলী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রবিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম।
মামলায় পৌর যুবলীগের আহবায়ক এমদাদুল হক এমদাদসহ অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করা হয়েছে।
পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান, বালুমহাল ইজারা নিয়ে ইজারাদারের লোকজন গায়ের জোরে কেপিআই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গত শুক্রবার দুপুরে যমুনা নদীর তীরবর্তী শহীদ শেখ রাসেল স্মৃতি পার্কের পূর্বদিকে ভলগেট দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযান করতে গেলে তাকে লাঞ্ছিত করা হয়। এ সময় জব্দ করা বালুভর্তি একটি ভলগেটও ছিনিয়ে নেয় তারা। পরে পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সদর থানায় লিখিত করেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে পাউবো কর্মকর্তার অভিযোগটি মামলা হিসাবে রেকর্ডভূক্ত করা হয়। মামলায় এমদাদুল হক এমদাদের নাম উল্লেখ করে আরও ৭/৮জনকে অজ্ঞাতনামা দিয়ে মামলা করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। প্রমান পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, থানায় মামলা করা হয়েছে। পুলিশ যদি আসামীদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, তাহলে বিষয়টি সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হবে।

পৌর যুবলীগের আহবায়ক এমদাদুল হক এমদাদ
অভিযুক্ত পৌর যুবলীগের আহবায়ক এমদাদুল হক এমদাদের ব্যবহৃত মোবাইলে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।
এদিকে, পাউবোর শহররক্ষা বাঁধের আশপাশে সরকারি কেপিআই অঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অবৈধ বালু উত্তোলন বন্ধে শনিবার বিকেলে হার্ডপয়েন্ট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।