জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে টুঙ্গীপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১০টা ১৯ মিনিটে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীর পাশে নিরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র সুরা ফাতেহা পাঠ করেন। তারা বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা দোয়া মোনাজাত করেন। ডেপুটি স্পিকার অ্যাড.ফজলে রাব্বি মিয়া দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় দলের সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।