প্রবীন সাংবাদিক, লেখক ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন আম্তর্জাতিক বেতার ভাষ্যকার সৈয়দ জিয়াউর রহমান আর নেই (ইন্না ইলাইহে – রাজেউন)। ৩১ জানুয়ারি (শুক্রবার) স্থানীয় সময় বিকেল চারটায় চিকিৎসারত অবস্থায় যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের হলিক্রস হাসপাতালে তিনি শেষ মি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এই শোকসংবাদ জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শারিরীক অবস্খার অবনতি হলে গত বৃহস্পতিবার সৈয়দ জিয়াউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৯ জানুয়ারি (বুধবার) তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এখানে উল্লেখ করা যেতে পারে সৈয়দ জিয়াউর রহমান ১৯৭৬ সালে তিনি ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগে যোগ দেন এবং ২০১১ সালে অবসরে যাওয়া পর্যন্ত একটানা কাজ করেন। তিনি ওয়াশিংটনের ডাইরী, মিতালী ইত্যাদিসহ অনেক মৌলিক অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করেন। তিনি ভিওএ’র জন্য অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সাক্ষাতকার নিয়েছেন- যাঁদের মধ্যে প্রেসিডেন্ট জর্জ বুশ, প্রেসিডেন্ট রনাল্ড রেগান, শেখ হাসিনা, খালেদা জিয়া, হুসাইন মুহম্মদ এরশাদ, ড. ইউনূস, মোহাম্মদ নাসির উদ্দিন, নুরজাহান বেগম, ড. অমর্ত্য সেন, কবি সুফিয়া কামাল, কবি শামসুর রাহমান, জাহানরা ইমাম, হুমায়ুন আহমেদ, ড. আবদুল্লাহ আলমতি সরফুদ্দিন, সাইয়িদ আতিকুল্লাহসহ আরও অনেকের।
মরহুম সৈয়দ জিয়াউর রহমান, ১৯৩২ সালের ২৪শে সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার মুক্তাগাছার এক বনেদী পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা শেষে ১৯৫১ সাল থেকে পত্রিকায় কাজের মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু হয়। দৈনিক মিল্লাতে যোগ দেন ১৯৫৫ সালে। তিনি মোহাম্মদ নাসির ঊদ্দিন ও নুরজাহান বেগমের সওগাত ও বেগমের দায়িত্ব পালন করেন বহুদিন।