রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ কনেস্টেবল আরিফুর রহমান হত্যা মামলার আসামী ছিনতাইকারী মুরাদ (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। তার বাবার নাম মোঃ বোরহান উদ্দিন এবং বাড়ী শহরের ভৈরবপুর দক্ষিনপাড়া গ্রামে। গতকাল বুধবার রাত ৯ টায় পৌর শহরের নদীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া একই রাতে তিন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে পুলিশ শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে গ্রেফতার করে। এরা হলো দ্বীন ইসলাম (৩৪), চিটার দুলাল (২৮) ও দিপু (২২)। গ্রেফতারকৃত ৪ জনকেই আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।
জানা গেছে, ২০১৭ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় ভৈরব মেঘনা নদীর পাড়ে পথচারীকে বাঁচাতে গিয়ে পুলিশ কনেস্টেবল আরিফুল রহমান ছিনতাইকারী সোহাগের ছুরিকাঘাতে ঘটনাস্হলেই নিহত হয়। কনেস্টেবল আরিফের বাড়ী ময়মনসিংহ শহরের খাগডহর এলাকায় এবং তার বাবার নাম ফজলুল করিম। সে সেদিন ভৈরব রেলসেতু পাহাড়ায় কর্মরত ছিল। মাত্র ৭ মাস আগে আরিফুল চাকরিতে যোগদান করে কর্মরত অবস্হায় পথচারীকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিতে হলো। ঘটনার পর পর এদিন রাতেই ছিনতাইকারী ফারুককে পুলিশ গ্রেফতার করে। পরে সে ১৬৪ ধারায় কিশোরগন্জ আদালতে জবানবন্দিতে জানায় ছিনতাইকারী সোহাগের ছুরিকাঘাতে আরিফুল নিহত হয়। ছিনতাই ও খুনের সময় সজল, মুরাদ ও মুন্না সরাসরি জড়িত ছিল। গ্রেফতারকৃত হত্যাকারী মুরাদ দীর্ঘ ১৫ মাস যাবত পলাতক ছিল।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান জানান মুরাদসহ গ্রেফতারকৃত ৪ জন এলাকার চিন্হিত সন্ত্রাসী ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক ডাকাতি, ছিনতাই ও খুনসহ বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। পুলিশ কনেস্টেবল আরিফুরকে হত্যার ঘটনায় মুরাদ সরাসরি জড়িত রয়েছে বলে তিনি জানান।