মোস্তাক আহমেদ,কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে পুলিশের পোশাক পরে এবং প্রশাসনের পক্ষে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) সাজ্জাদুর রহমান দৈনিক জাগরণকে এ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার করে তাকে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এরআগে, শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে অভিযোগ করেন। অভিযোগপত্রে বলা হয়, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) কলারোয়া উপজেলা ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে মহাজোট মনোনীত প্রার্থী মুস্তাফা লুৎফুল্লাহর পক্ষে ওসি মারুফ আম্মেদ প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের প্রতি আহবান জানান। তার বক্তব্যের ভিডিও টি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মে আওয়ামী লীগ ও মহাজোটের নেতা-কর্মীদের সঙ্গে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে বিষোদগার করেন তিনি।
চিঠিতে আরও বলা হয়, ‘সরকারি কর্মকর্তা হিসেবে একজন ওসির এ রকম আচরণ গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৭ অনুচ্ছেদ ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ বিধিমালা ভঙ্গ হয়েছে।
চিঠিতে হাবিব বলেন, সাতক্ষীরা-১ আসনে বর্তমানে নির্বাচনের বিন্দুমাত্র পরিবেশ নেই। কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মেদ এতদিন ধরে প্রচারণায় বাধা ও বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় হাবিব নিজেও এলাকা ছেড়েছেন বলে কমিশনকে অবহিত করেন তিনি।
প্রসংগত; বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে কলারোয়া উপজেলার জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কাস পার্টির মুস্তফা লুৎফুল্লাহর উপস্হিতিতে অতিথিরি বক্তব্যে তিনি আ.লীগকে আবারো সরকার গঠনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।