এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে কাজ করায় সিরাজগঞ্জের কামারখন্দে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতে প্রেরন করে।আটককৃতরা হলেন, কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহীন হোসেন।
কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরাজিত চেয়ারম্যান (নৌকা প্রতিক) আব্দুল মতিন চৌধুরী জানান, কামারখন্দে আওয়ামীলীগের একটি পক্ষ নৌকার বিপক্ষে কাজ করেছে। আটক রাকিব ও শাহীন ছাত্রলীগ নেতা। তারা আমার নির্বাচনী কর্মী। নৌকার পক্ষে তারা কাজ করেছে। এজন্য বিরোধিতাকারীদের ইন্ধনে পুলিশ অন্য কাউকে গ্রেফতার না করে ছাত্রলীগ নেতা রাকিব ও শাহীনকে আটক করেছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ সরকার তারেক অভিযোগ করে বলেন, মূলত নৌকার পক্ষে কাজ করায় ছাত্রলীগ নেতাদের আটক করা হয়েছে। নৌকার বিরোধিতাকারীরা ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বীন শেখ জানান, পুলিশের দাবী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হতে পারে এমন আশংকায় তাদের গ্রেফতার করা হয়েছে। তবে অপর পক্ষের কাউকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতারকৃতরা ষড়যন্ত্রের শিকার হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল ব্যানার্জী জানান, রাতে আলোক দিয়ার এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ উপস্থিতিতে টের পেয়ে অন্যেরা পালিয়ে গেলেও রাকিব ও শাহীনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ১৫১ ধারার মামলায় আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশংকায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুন উপজেলা পরিষদ নির্বাচনে কামারখন্দে নৌকাকে হারিয়ে ঘোড়া প্রতীক বিজয়ী হন।