আসাদুজ্জামান চৌধুরী কাজল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্নচর উপজেলায় এবার এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব চরবাটা ইউনিয়নের দক্ষিন চরমজিদ গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে ইস্রাফিল আজাদ স্বপন (২৩) ও চাঁন মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২২)।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, শনিবার দুপুরে মেয়িটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নমুনা সংগ্রহ করে রাখে। এ বিষয়ে মেডিকেল বোর্ড প্রতিবেদন দেবে।
সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, গত বৃহস্পতিবার দুপুরে পূর্ব চরবাটা ইউনিয়নের দক্ষিন চরমজিদ গ্রামের কিশোরীটি তার মাকে হাতিয়া যাওয়ার সময় বাড়ি থেকে এগিয়ে দিতে স্থানীয় বুড়ার দোকানের কাছে যায়। সেখান থেকে ফেরার পথে অটোরিকশা চালক স্বপন তাকে বাড়িতে পৌঁছে দেয়া কথা বলে অটোতে তুলে নেয়। এরপর তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ৯টার দিকে দক্ষিন চরমজিদ গ্রামের শাহজাহানের বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে নিজাম নামে আরোও একজন সহ ধর্ষণ করে।
শুক্রবার সকালে মেয়েটি বাড়িতে পৌঁছে পুরো ঘটনা পরিবারকে জানায়। এরপর শুক্রবার রাতে তার বড় ভাই স্বপন ও নিজামকে আসামী করে চরজব্বর থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে। শনিবার তাদেরকে জেলার ২ নং আমলী আদালতের বিচারক উজমা শোকরানা’র আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক এ বিষয়ে পরবর্তীতে শুনানী শেষে আদেশের দিন ধার্য করে আসামীদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এদিকে একই আদালতে ভিকটিমের বাইশ ধারায় জবানবন্ধী রেকর্ড করা হয়।